বলিউড সুপারস্টার আমির খান জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। মুম্বাইয়ে তাঁর নিজ বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই সুখবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, “হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের একটি পারিবারিক আয়োজন।” এ সময় তাঁর বড় ছেলে জুনায়েদ খানকেও পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। প্রায় ২৫ বছরের পরিচয় ও দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাঁদের এই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য, গৌরীর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এটি হতে যাচ্ছে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন তিনি, যার ২০০২ সালে বিচ্ছেদ হয়। এই সংসারে জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব তারা যৌথভাবেই পালন করছেন। গৌরীর সঙ্গে এই বিয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনে নতুন আলো ছড়াতে যাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট।

প্রাইমটিভি/বিএম