ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন স্টেডিয়াম তৈরি করে নতুন নজির গড়ল শাহরুখ খানের ‘নাইট রাইডার্স গ্রুপ’। ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্সে ২১ মিলিয়ন ডলার (প্রায় ২০০ কোটি টাকা) ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বলিউড কিং স্বয়ং। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই মাঠটি।

আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি ১০ একরের এই বিশাল স্টেডিয়ামটিতে রয়েছে আটটি পিচের মেইন স্কয়ার, ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার এবং আইসিসি স্ট্যান্ডার্ডের আউটফিল্ড। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল ‘লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স’-এর সহ-স্বত্বাধিকারী শাহরুখ খান সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “যা একদিন স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে রূপ নিল। আমরা কেবল একটি ক্রিকেট মাঠ তৈরি করিনি, এমন একটি জায়গা বানিয়েছি যা সমাজ ও বিনোদনকে উদযাপন করবে।” পোস্টে তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উদ্বোধনের পরপরই গত বৃহস্পতিবার (২ জুন) এই ভেন্যুতে প্রথম আনুষ্ঠানিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মেজর লিগ ক্রিকেটের সেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং ওয়াশিংটন ফ্রিডম। বেগুনি ও সোনালি রঙের আবহে এখন সেজে উঠেছে নাইট রাইডার্সের নতুন এই হোম গ্রাউন্ড।

প্রাইমটিভি/বিএম