হেলমেট পরে রক্ষা পেলেন অভিষেক; ‘চোর’ স্লোগানে ছোঁড়া হলো ডিম-জুতা

ছবি- সংগৃহীত
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও হামলার মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার (৩০ মে) বিকেলে সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা অভিষেকের উদ্দেশে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দেন। একপর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। পাশাপাশি শারীরিকভাবে হেনস্তারও অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চারচাকার গাড়ির পরিবর্তে মোটরসাইকেলে করে সোনারপুরে প্রবেশের সময় বিক্ষোভকারীদের মুখোমুখি হন অভিষেক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি মাথায় ক্রিকেটের হেলমেট পরে সামনের দিকে এগিয়ে যান। এ সময় তার পরনের সাদা শার্টের বোতাম ছিঁড়ে যায় বলেও জানা গেছে।
পরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, আগেই তার কর্মসূচির বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছিল।
অভিষেক বলেন, “হেলমেট থাকার কারণে মাথা রক্ষা পেয়েছে। আমার চশমা ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আমি এখান থেকে চলে গেলে নিহত কর্মীর বৃদ্ধ বাবা-মা আরও ঝুঁকির মধ্যে পড়বেন।”
তিনি আরও অভিযোগ করেন, এলাকায় পুলিশি উপস্থিতি ছিল না এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা রয়েছে।
এর আগে দিনভর ভোট-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি পালন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার বেলেঘাটা সফর শেষে তিনি সোনারপুরে যান।
অন্যদিকে, অভিষেকের সফরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপি সমর্থকরা। সোনারপুরের বিভিন্ন এলাকায় ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
তথ্য সূত্র- আনন্দবাজার
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









