ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই: ট্রাম্প

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি “চমৎকার চুক্তি” করার ব্যাপারে তিনি আশাবাদী। তবে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা একটি দুর্দান্ত চুক্তি করব। আর যদি তা না হয়, তাহলে আমরা সামরিকভাবে বিষয়টির সমাপ্তি ঘটাব।”
তিনি বলেন, সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানই তার প্রথম পছন্দ। কারণ এতে অনেক মানুষের জীবন রক্ষা পাবে। একই সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালির চলাচলও দ্রুত স্বাভাবিক করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প ইরানের নেতাদের “খুবই কঠিন আলোচক” হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছে।
তিনি বলেন, “এতে সময় লাগছে। আমার কোনো তাড়া নেই। আপনি যদি তাড়াহুড়ো করেন, তাহলে ভালো চুক্তি করতে পারবেন না। ধীরে ধীরে আমরা যা চাই তা পাচ্ছি বলে আমি মনে করি। আর যদি আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে না পারি, তাহলে বিষয়টির সমাধান অন্যভাবে করা হবে।”
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কূটনৈতিক আলোচনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে একদিকে যেমন আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত রয়েছে, অন্যদিকে প্রয়োজন হলে শক্তি প্রয়োগের বিকল্পও খোলা রাখার বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








