চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রণক্ষেত্র প্যারিস, গ্রেপ্তার ৪১৬

ছবি- বিবিসি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশজুড়ে ৪০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোর পর্যন্ত মোট ৪১৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিস থেকেই গ্রেপ্তার করা হয়েছে ২৮০ জনকে।
সহিংসতা নিয়ন্ত্রণে প্যারিসে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে হয়েছে। সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
পিএসজির জয়ের পর রাজধানী প্যারিসের বিখ্যাত শঁজেলিজে (Champs-Élysées) এলাকায় হাজার হাজার সমর্থক জড়ো হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হচ্ছে, সড়কে বৈদ্যুতিক মোটরবাইকে আগুন দেওয়া হয়েছে এবং কয়েকটি দোকানের কাচ ভাঙচুর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনায় অন্তত ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাস, ট্রেন ও রেল যোগাযোগও কিছু সময়ের জন্য ব্যাহত হয়।
ফাইনাল ম্যাচ চলাকালে পিএসজির নিজস্ব মাঠ পার্ক দে প্রিন্সেসে (Parc des Princes) বড় পর্দায় খেলা দেখতে আসা সমর্থকদের সঙ্গেও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এই সহিংসতাকে "সম্পূর্ণ অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন।
এদিকে, ফ্রান্সের ডানপন্থী রাজনৈতিক নেতা মেরিন লে পেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, "শুধু ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় দাঙ্গার কারণ হতে পারে।"
তিনি আরও বলেন, "জয়ের রাতেও মানুষকে সহিংসতার আশঙ্কায় ঘরের ভেতর থাকতে হয়।"
রোববার বিকেলে পিএসজির খেলোয়াড়দের বিজয় উদযাপন শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে। তারা আইফেল টাওয়ার সংলগ্ন শঁ-দ্য-মার্স এলাকায় সমর্থকদের সঙ্গে উদযাপনে অংশ নেবেন। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত এক সংবর্ধনাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
উল্লেখ্য, গত বছরও ইউরোপীয় শিরোপা জয়ের পর পিএসজি সমর্থকদের উল্লাস সহিংসতায় রূপ নেয়। সে সময় সংঘর্ষে ১৭ বছর বয়সী এক কিশোরসহ দুইজন নিহত হয়েছিলেন।
তথ্য সূত্র- বিবিসি
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








