মাউন্ট এভারেস্টে ছয় দিন নিখোঁজ থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন একজন নেপালি শেরপা গাইড। তাকে মৃত ধরে নিয়ে তার পরিবার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছিল। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবরটি জানিয়েছে।

৫২ বছর বয়সী দাওয়া শেরপাকে বৃহস্পতিবার সকালে খুম্বু আইসফলের কাছে তুষারাবৃত ঢাল বেয়ে হামাগুড়ি দিয়ে নামতে দেখেন পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল। অনুসন্ধান কার্যক্রম সমন্বয়কারী প্রতিষ্ঠান ৮কে এক্সপিডিশনসের পেম্বা শেরপা এই তথ্য নিশ্চিত করেছেন। দাওয়াকে নিরাপদে নামিয়ে খাবার ও পানি দেওয়া হয় এবং পরে হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুর হ্যামস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দাওয়াকে সর্বশেষ গত ২৯ মে পর্বত থেকে নামতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে থাকা পোলিশ পর্বতারোহী বেসক্যাম্পে পৌঁছালেও দাওয়া পৌঁছাননি। উদ্ধার হেলিকপ্টার পাঠাতে দেরি হয় এবং পরে পাঠানো হলেও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

dawa sherpa(1)

হাসপাতালে অপেক্ষায় ছিলেন দাওয়ার স্ত্রী দামু শেরপা ও মেয়ে মেন্দো লহামু শেরপা, যারা ততক্ষণে শেষকৃত্যের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা পালন করছিলেন। দাওয়ার কিশোরী মেয়ে জানান, প্রথমে খবর পেয়ে নিশ্চিত হতে পারছিলেন না, পরে ছবি দেখে নিশ্চিত হন এবং আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, গত মাসে এভারেস্টের ইতিহাসে সবচেয়ে ব্যস্ত মৌসুমে ১ হাজারেরও বেশি পর্বতারোহী ও তাঁদের গাইড এভারেস্ট জয় করেন। এই মৌসুমে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।