কানাডার বৃহত্তম শহর টরন্টোর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটি সংগঠক শারমিনা নাসরিন। তিনি টরন্টো সিটির ২০ নম্বর ওয়ার্ড স্কারবোরো সাউথওয়েস্ট থেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের নাম ঘোষণা করেছেন।

দীর্ঘদিন ধরে জননীতি, কমিউনিটি উন্নয়ন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত শারমিনা নাসরিন স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচনি প্রচারণায় তিনি নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন, নিরাপদ বাসযোগ্য কমিউনিটি গঠন, যুবসমাজের অংশগ্রহণ এবং বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করছেন।

শারমিনা নাসরিন বলেন, “জনগণের কণ্ঠস্বরকে সিটি হল পর্যন্ত পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান অঙ্গীকার।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বহুসাংস্কৃতিক জনগোষ্ঠী অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্টে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রার্থীর অংশগ্রহণ কমিউনিটির জন্য ইতিবাচক তাৎপর্যপূর্ণ ঘটনা। তার প্রার্থিতা স্থানীয় বাংলাদেশি, দক্ষিণ এশীয় এবং অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

উল্লেখ্য, শারমিনা নাসরিন এর আগে জননীতি কমিউনিটি বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং রাজনৈতিক অঙ্গনেও সম্পৃক্ত ছিলেন। নির্বাচনি প্রচারণা এগোনোর সঙ্গে সঙ্গে স্কারবোরো সাউথওয়েস্টে ভোটারদের সমর্থন অর্জনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।