দিল্লিতে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি পরিবারের ৯ সদস্য দগ্ধ, নিহত ২১

ছবি- সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লি-র মালব্য নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি পরিবারের অন্তত ৯ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর আহত বাংলাদেশি নাগরিকদের সহায়তায় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে বাংলাদেশ হাইকমিশন।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের পরপরই ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। সংকটময় এই সময়ে আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাসও দিয়েছে হাইকমিশন।
তবে আহত বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) সকালে মালব্য নগরের মিকাসা ইন নামের পাঁচতলা একটি হোটেলে আগুন লাগে। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে হোটেলটির বেজমেন্টে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডের সময় হোটেলটির অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন, যাদের অনেকেই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।
মালব্য নগর প্রশাসনের তথ্যমতে, আহতদের মধ্যে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য রয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় মোট ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক, ৪ জন নাইজেরিয়ার নাগরিক, ২ জন মোজাম্বিকের নাগরিক এবং একজন করে লাইবেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন।
এ ছাড়া আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের দুজন করে নাগরিক, লাইবেরিয়ার তিনজন, নাইজেরিয়ার একজন এবং কাজাখস্তানের তিনজন নাগরিক রয়েছেন। বাংলাদেশি আহতদের যুক্ত করলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধ ও আহতদের চিকিৎসাকালে সংক্রমণের ঝুঁকি কমাতে তাদের সঙ্গে সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধের স্বার্থে সংশ্লিষ্টদের এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ভারতীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে হতাহতদের পরিচয় শনাক্তকরণ এবং ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সহায়তায় বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









