পুতিনকে সরাসরি বৈঠকের প্রস্তাব জানিয়ে জেলেনস্কির চিঠি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। ছবি:ইপিএ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। পুতিনের কাছে লেখা এক খোলা চিঠিতে তিনি বলেছেন, যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার কোনো বিকল্প নেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই খবরটি জানিয়েছে।
১ হাজার ৮০০ শব্দেরও বেশি দীর্ঘ এই চিঠিতে জেলেনস্কি বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে, তাই ইউরোপের যুদ্ধ আবার আলোচনার কেন্দ্রে আসার অপেক্ষায় বসে থাকা ঠিক হবে না। তিনি সুইজারল্যান্ড বা তুরস্কে এই বৈঠক করার প্রস্তাব দেন এবং আলোচনার সময় পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানান।
চিঠির ভাষা ছিল দৃঢ়, এমনকি কটাক্ষপূর্ণ। জেলেনস্কি লেখেন, "২৬ বছর ক্ষমতায় থাকার পর বয়সের ছাপ পুতিনের উপর পড়তে শুরু করেছে।" এছাড়া চিঠিতে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সাম্প্রতিক হামলার উল্লেখ করে সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলাকে "সফর" হিসেবে বর্ণনা করা হয়।
ক্রেমলিন জানিয়েছে, চিঠিটি পাওয়া গেছে এবং পুতিনকে অবহিত করা হবে। চিঠির বিষয়বস্তু না দেখেই সেন্ট পিটার্সবার্গের এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তিনি ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে "প্রস্তুত ও আগ্রহী", তবে উভয় পক্ষকে আপোষ করতে হবে। তিনি পুনরায় দাবি করেন, ইউক্রেনকে ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া — এই চারটি অঞ্চল ছেড়ে দিতে হবে এবং ন্যাটোয় যোগ দেওয়ার চেষ্টা পরিত্যাগ করতে হবে। ইউক্রেন অবশ্য কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়।
পুতিন জেলেনস্কির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন, বলেন ২০২৪ সালের মে মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর কোনো নির্বাচন হয়নি। তবে রাশিয়ার আগ্রাসনের পর সামরিক আইন জারি থাকায় ইউক্রেনে নির্বাচন স্থগিত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, "তাদের দেখা করা উচিত, কাজটা সেরে ফেলা উচিত।" জেনেভা, আবুধাবি ও ইস্তাম্বুলে আগের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধবিরতি আলোচনা কার্যত থমকে গেছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









