কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম

কলকাতার পদত্যাগী মেয়র ফিরহাদ হাকিম। ফাইল ছবি: আনন্দবাজার পত্রিকা
কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভায় এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্ত জানান এবং পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এই খবরটি জানিয়েছে।
২০১৮ সালের ডিসেম্বর থেকে প্রায় সাড়ে সাত বছর মেয়র পদে ছিলেন ফিরহাদ। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আগে পুরসভায় আসা মানুষের সমস্যার সমাধান করতে পারতেন, কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, "চেয়ারের সম্মানহানি করতে পারি না।" তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পদত্যাগে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর কলকাতা পুরসভার প্রশাসনিক নিয়ন্ত্রণ কার্যত পুর কমিশনারের হাতে চলে যায়। তৃণমূলের একাধিক কাউন্সিলরও স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ করছিলেন।
ফিরহাদের পদত্যাগের আগে বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীও পদত্যাগ করেছেন। ফিরহাদের পদত্যাগের মধ্য দিয়ে কলকাতা পুরসভায় তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান হলো বলে মনে করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









