ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত এবং ১২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় অনেক মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান করছিল।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সিভিল ডিফেন্সের পরিচালক রদ্রিগো সোসমেনা জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোসাকসারগেন অঞ্চল। সেখানে অন্তত ১২ জন নিহত এবং ১২৯ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের তীব্রতায় দেশের বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে। কয়েকটি স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে ভূমিকম্পের ভয়াবহ চিত্র দেখা গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: বিবিসি

প্রাইমটিভি/কেআর