এশিয়ার শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন গৌতম আদানি

গৌতম আদানি । সংগৃহীত
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। মাত্র এক দিনের ব্যবধানে তার সম্পদ প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার বেড়ে যাওয়ায় তিনি এই অবস্থানে পৌঁছেছেন।
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলারে। এর মাধ্যমে তিনি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি এবং জাপানের সফটব্যাংক প্রধান মাসায়োশি সনকে পেছনে ফেলেছেন।
ফোর্বসের তথ্যমতে, বর্তমানে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৮ হাজার ৮০০ কোটি ডলার। অন্যদিকে, জাপানের শেয়ারবাজারে বড় ধরনের পতনের প্রভাবে মাসায়োশি সনের সম্পদ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭০০ কোটি ডলারে।
শুক্রবার আদানি গোষ্ঠীর বিভিন্ন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বাড়ায় তার সম্পদে এই উল্লম্ফন দেখা যায়। সবচেয়ে বেশি বেড়েছে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জির শেয়ার, যার দাম একদিনেই ৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন, বন্দর পরিচালনা এবং বিদ্যুৎ উৎপাদন খাতের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারও ঊর্ধ্বমুখী ছিল।
বর্তমানে আদানি গোষ্ঠীর ছয়টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশের বিদ্যুৎ খাতেও আদানি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মালিকানাধীন আদানি পাওয়ার বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এই বিদ্যুতের বড় অংশ সরবরাহ করা হয়।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গত মাসে মার্কিন বিচার বিভাগ গৌতম আদানির বিরুদ্ধে আনা একটি বড় ধরনের প্রতারণার অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই তার ব্যবসায়িক অবস্থার উন্নতি শুরু হয়। অভিযোগ প্রত্যাহারের পর থেকে তার সম্পদ প্রায় ১ হাজার কোটি ডলার বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে তার বিরুদ্ধে ২৫ কোটি ডলারের একটি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়, সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছিল এবং সেই তথ্য গোপন রেখে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছিল। তবে শুরু থেকেই গৌতম আদানি ও তার সহযোগীরা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









