রাগ করে এনবিসির সাক্ষাৎকার ছাড়লেন ট্রাম্প

এনবিসির সাক্ষাৎকারে ট্রাম্প । সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের জনপ্রিয় রাজনৈতিক টকশো ‘মিট দ্য প্রেস’ এর একটি সাক্ষাৎকারের মাঝপথে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।
শুক্রবার উইসকনসিনে ধারণ করা এবং রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্কের জেরে ট্রাম্প ও অনুষ্ঠানের সঞ্চালক ক্রিসটেন ওয়েলকারের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়।
সাক্ষাৎকারে ট্রাম্প ক্যালিফোর্নিয়ার নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও তার পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এ সময় ওয়েলকার বারবার তথ্য প্রমাণ চাইলে ট্রাম্প দাবি করেন, তিনি সাধারণ মানুষের কাছ থেকে এসব অভিযোগ শুনেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেই মন্তব্য করেছেন।
একপর্যায়ে ট্রাম্প মূলধারার মার্কিন সংবাদমাধ্যম, এনবিসি নেটওয়ার্ক এবং সঞ্চালক ওয়েলকারকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন। জবাবে ওয়েলকার তার অবস্থান ব্যাখ্যা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরে ট্রাম্প সঞ্চালককে উদ্দেশ করে বলেন, “আপনি হয় পক্ষপাতদুষ্ট, নয়তো বোকা।” এরপর তিনি সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দিয়ে আসন ছেড়ে চলে যান।
সাক্ষাৎকার শেষে ওয়েলকার জানান, ঘটনার পর ট্রাম্পের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে নতুন একটি সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারেও সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্রঃ বিবিসি
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









