যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে-এ খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও ধর্মীয় কর্মসূচি শেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় খামেনি নিহত হন বলে ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। তার মৃত্যুতে ইরানের তিন দশকেরও বেশি সময়ের একটি রাজনৈতিক ও ধর্মীয় অধ্যায়ের সমাপ্তি ঘটে। ১৯৮৯ সাল থেকে তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জানাজা ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ তেহরানে সমবেত হবেন। তেহরান থেকে মাশহাদ পর্যন্ত কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান, শ্রদ্ধা নিবেদন এবং ধর্মীয় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, খামেনির দাফন শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং সমসাময়িক ইরানের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে।

প্রাইমটিভি/কেআর