যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস । সংগৃহীত
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনার কমতি থাকে না দেশের দর্শকদের মধ্যে। সেই তালিকায় আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা বরাবরই আলোচনায় থাকে।
সম্প্রতি গণমাধ্যমে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিল জাতীয় দলের সমর্থক। প্রিয় ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের নাম উল্লেখ করেন তিনি।
অপু বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সব কিছুই আমার পছন্দ। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।’
নিজে ব্রাজিলের কট্টর সমর্থক হলেও তাঁর ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনা দলের ভক্ত। বিষয়টি নিয়ে মজার ছলে অপু বলেন, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। তবে শুধু এক দলের সমর্থক হলে তো চলবে না, অন্য দলের সমর্থকও লাগবে। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে।’
বিশ্বকাপ ফুটবলকে তিনি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং উৎসব হিসেবেই দেখেন। বিশ্বকাপ এলে দেশে ঈদের মতো আবহ তৈরি হয় বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।’
প্রিয় দল ব্রাজিল, প্রিয় খেলোয়াড় নেইমার আর বিশ্বকাপের উৎসবমুখর স্মৃতি মিলিয়ে ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথাই আবারও জানালেন অপু বিশ্বাস।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







