প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আগের চেয়েও বেশি শোচনীয় পরিস্থিতির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তেহরানের বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালনার মূল যৌক্তিকতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে (NBC News) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

নিজের প্রেসিডেন্সিয়াল সেন্টারের উদ্বোধনের প্রাক্কালে দেওয়া ওই সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘আমরা এখন একটি যুদ্ধ লড়েছি, শত শত কোটি ডলার ব্যয় করেছি, সামরিক বাহিনীর ওপর বিশাল চাপ সৃষ্টি করেছি। অনেক মানুষ মারা গেছে। আর এখন মনে হচ্ছে যুদ্ধ শুরু করার আগে যেখানে ছিলাম ঠিক সেখানেই ফিরে এসেছি, তবে সম্ভবত আগের চেয়ে একটু বেশি খারাপ অবস্থায় আছি।’

সম্প্রতি প্যারিসের ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি নতুন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছেন, যা স্থায়ী সমাধানের জন্য নীতি নির্ধারকদের ৬০ দিনের সময় বেঁধে দিয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করে ওবামা বলেন, ‘আমি একটি যুদ্ধবিরতি দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমি আশাবাদী যে এটি স্থায়ী হবে।’

তবে একই সাথে ট্রাম্পকে ধুয়ে দিয়ে ওবামা মনে করিয়ে দেন, তার নিজের প্রশাসনের আমলে সম্পাদিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অধীনে ইরান কোনো অস্ত্র তৈরি না করার বিষয়ে একমত হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ওই চুক্তিটি বাতিল করায় ইরান পরবর্তীতে তাদের পারমাণবিক সক্ষমতা আরও বৃদ্ধির সুযোগ পায়। ওবামা আশাবাদ ব্যক্ত করেন, বর্তমানে তীব্র বিভাজনের মধ্য দিয়ে যাওয়া আমেরিকায় তাঁর নবনির্মিত কেন্দ্রটি সবার মাঝে নাগরিক দায়িত্ববোধকে নতুন করে জাগিয়ে তুলবে।

প্রাইমটিভি/বিএম