দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড এ সিদ্ধান্তকে শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা দেয় যে হরমুজ প্রণালিতে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। বিবৃতিতে বলা হয়, শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপও বাস্তবায়ন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মানতে বাধ্য করার জন্য পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী নেওয়া হবে।”

এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও লেবাননের কোনো ভূখণ্ড দখলের যেকোনো ইসরায়েলি প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

গোষ্ঠীটির দাবি, দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ এলাকায় ইসরায়েলি সেনাদের অগ্রসর হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়েছে। একই সঙ্গে শুক্রবার রাত থেকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ।

তারা জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই তারা তা মেনে চলার চেষ্টা করছে, তবে ইসরায়েলের প্রথম দিকের লঙ্ঘনের পরও তারা সংযম দেখিয়েছে।

হিজবুল্লাহ আরও সতর্ক করে বলেছে, শত্রুপক্ষের যেকোনো দখল বা আগ্রাসন প্রতিহত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিরাপত্তার বিষয়টি সামনে আসায়।

প্রাইমটিভি/এনজি