যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চারজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।

মামলায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শনিবার (২০ জুন) এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে এনসিপি নেতাদের ওপর ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এই মামলা “নতুন নাটক” হিসেবে সাজানো হয়েছে। তাদের দাবি, আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে ইচ্ছাকৃতভাবে হয়রানিমূলক মামলা করা হয়েছে।

এতে আরও বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের পেশাদার ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের দাবি, অক্সফোর্ড ইউনিয়নে তার বক্তব্য এবং প্রবাসীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়কে বাধাগ্রস্ত করতে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে, তবে অতীতের মতো এবারও এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।

এ বিষয়ে যুক্তরাজ্য পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রাইমটিভি/এমএইচ