ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার

স্ত্রী-সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার। (ছবিঃ সংগৃহীত)
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। টানা ৭৪ ঘণ্টার অনুসন্ধান শেষে ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। খবর গালফ নিউজের।
গত বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে প্লায়া গ্রান্দেতে অবস্থিত ত্রেহোর পরিবারের অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়ে। ওই সময় ৩৮ বছর বয়সী ডিফেন্ডার লুকাস ত্রেহো রাজধানী কারাকাসে নিজের ক্লাবের হয়ে লিগ ম্যাচের প্রস্তুতিতে ছিলেন।
পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সাহায্যের আবেদন জানান ত্রেহো। তিনি লিখেছিলেন, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খবর জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন। কেউ তাদের দেখে থাকলে এই বার্তাটি শেয়ার করুন। আমি বিশ্বাস করতে চাই, তারা সেখানে ছিল না।’
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ জুন) গভীর রাতে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার মরদেহ উদ্ধার করেন।
আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রমে সহায়তা করতে ত্রেহোর বাবা ও ভাইও ভেনেজুয়েলায় যান।
পরিবারের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগেও ত্রেহো সামাজিক মাধ্যমে স্ত্রী ও সন্তানদের একটি ছবি পোস্ট করেছিলেন। তখনও তাদের জীবিত উদ্ধারের আশা ছাড়েননি তিনি। চলতি বছরের শুরুতে স্বামীর জন্মদিনে ইয়ানিনা এক আবেগঘন বার্তায় লিখেছিলেন, ‘পরিবার হিসেবে তোমাকে পাওয়া আমাদের জন্য আশীর্বাদ। তোমাকে পাশে পেলে সবকিছুই সহজ এবং আরও সুন্দর হয়ে ওঠে।’
এদিকে, বিরল এই জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়াজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রভাব মোকাবিলায় কাজ চলছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এখন পর্যন্ত প্রায় ১,৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







