ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

ছবিঃ সংগৃহীত
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। জরুরি উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে।
অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।’
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত বুধবার ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলে ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন, আর ৩ হাজার ১৪২টি পরিবার ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে মাঠেও ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে সম্প্রতি স্কটল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি।
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে তিনি এখন আগের তুলনায় দীর্ঘ সময় মাঠে খেলার মতো ফিট।
বিশ্বকাপের শেষ ৩২-এর পর্বে সোমবার জাপানের বিপক্ষে ম্যাচেও নেইমারকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









