যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি খাতের খুচরা বিক্রেতাদের দ্রুত পেট্রোলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দাম না কমালে তাদের জন্য ‘বড় সমস্যা’ অপেক্ষা করছে।

সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ সব তথ্য প্রকাশ করা হয়।

তিনি লেখেন, “জ্বালানির খুচরা বিক্রেতাদের অবশ্যই অবিলম্বে দাম কমাতে হবে।”

এ ছাড়া তিনি অভিযোগ করেন, মূল্য নিয়ে কোনো ধরনের অযৌক্তিক মুনাফা গ্রহণ সহ্য করা হবে না। ট্রাম্পের ভাষায়, “এটি সম্পূর্ণ বেআইনি। খুচরা বিক্রেতারা যদি এটি না করে, তাহলে তাদের জন্য ‘বিগ প্রব্লেমস’ অপেক্ষা করছে।”

ট্রাম্প বিক্রেতাদের প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করার পরই ট্রাম্পের এই মন্তব্য আসে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সুফল যেন দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যেই খুচরা বিক্রেতাদের ওপর চাপ বাড়াচ্ছে হোয়াইট হাউস।

প্রাইমটিভি/এমআর