কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের সেবামূল্যের ক্ষেত্রে কেবল ৬০ দিনের একটি সাময়িক ছাড় দেওয়া হয়েছে। তবে এর বাইরে জলপথটির ওপর ইরানের নিয়ন্ত্রণ বা কর্তৃত্বে কোনো পরিবর্তন আসবে না।

তিনি বলেন, এগুলো ইরানের আঞ্চলিক জলসীমা। হরমুজ প্রণালিকে ইরান সামরিকীকরণ করেছে এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক তৈরির সুযোগ দেওয়া হবে না।

ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, যে কোনো পরিস্থিতিতেই এই অবস্থান থেকে তেহরান একচুলও সরে আসবে না।

হরমুজ প্রণালিকে ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে উল্লেখ করে গালিবাফ বলেন, চলমান যুদ্ধের মধ্যে এটি খোদার পক্ষ থেকে ইরানের জন্য একটি উপহার এবং এটিই দেশটির ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার।

প্রাইমটিভি/এনজি