চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই মাঠের বাইরের এক ঘটনা ক্রীড়াঙ্গন ও মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

২৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা নিশ্চিত হওয়ার আগে নিজ শহর এডিলেইডের একটি মসজিদে জুমার নামাজ শেষে ইসলাম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা মুফতি মেঙ্ক। তার সামনেই টেটে ইয়ঙ্গি কালিমা শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন।

পরে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত তাৎক্ষণিক ছিল না। দীর্ঘদিন ধরে তিনি ইসলাম সম্পর্কে জানার এবং এর শিক্ষা বোঝার চেষ্টা করছিলেন। মুফতি মেঙ্কের সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে চান, ইয়ঙ্গি শাহাদাহ পাঠ করেছেন কি না। সেই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন এই ২৫ বছর বয়সী স্ট্রাইকার। ১.৯৭ মিটার উচ্চতার ইয়ঙ্গি বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে নজর কাড়েন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল পর্বেও কোচের আস্থা অর্জন করেছেন তিনি।

গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ২৪ মিনিট এবং প্যারাগুয়ের বিপক্ষে ৭ মিনিট মাঠে নেমে আক্রমণভাগে কার্যকর ভূমিকা রাখেন জাপানের ক্লাব এফসি মাচিদা জেলভিয়া–এর এই ফরোয়ার্ড।

ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে টেটে ইয়ঙ্গি বলেন, নতুন ধর্মীয় পরিচয় নিয়ে তিনি গর্বিত। মাঠে ও মাঠের বাইরে সততা, মানবিকতা ও সুন্দর আচরণের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা ও সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান তিনি।

প্রাইমটিভি/এমএইচ