ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন না হওয়া এবং নেতৃত্বের প্রতি ক্ষোভের কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন ইয়াছিন।

পোস্টে তিনি অভিযোগ করেন, দলের দুঃসময়ে মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করলেও সুসময় এলে ত্যাগী কর্মীরা উপেক্ষিত হয়েছেন। নেতৃত্বের একাংশের বিরুদ্ধে কালো টাকার প্রভাব, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন এবং সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

ইয়াছিন লিখেছেন, দীর্ঘদিন রাজপথে থেকে দলের জন্য কাজ করেও কোনো স্বীকৃতি বা প্রাপ্য পাননি। তাই বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে পরিবার নিয়ে সাধারণ জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবার কাছে ক্ষমাও প্রার্থনা করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বলেন, ইয়াছিন একজন ত্যাগী ও অভিমানী কর্মী। কোনো বিষয়ে গভীর কষ্ট পেয়েই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করা হবে।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকারও বিষয়টিকে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে ইয়াছিন সক্রিয় ছিলেন। কী কারণে তিনি এমন ঘোষণা দিয়েছেন, তা খতিয়ে দেখা হবে। আশা করছি, তার অভিমান দূর হলে তিনি আবারও জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় হবেন।

প্রাইমটিভি/এমএইচ