আটকের পর দলীয় পদ হারালেন যুবদল নেতা

ছবিঃ সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় এক নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনায় নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিনকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় নোয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে সুস্পষ্ট তথ্য-প্রমাণ পাওয়ায় আশরাফ উদ্দিনকে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সিদ্ধান্তে এ ব্যবস্থা কার্যকর করা হয়। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না বলেও জানানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে আশরাফ উদ্দিন নোয়াখালী সদর থেকে এক নারীকে নিয়ে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওই ঘরে গিয়ে তাদের আটক করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে রাত ১১টার দিকে স্থানীয়ভাবে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যান। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






