জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো চেষ্টা জাতি মেনে নেবে না।

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি বলেন, “জুলাই নিয়ে মেহের আফরোজ শাওনের কটুক্তি শেখ হাসিনার অপরাধের শামিল। এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারেন না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখান, তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত।”

রাশেদ খান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সরকার-সংশ্লিষ্টদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করার সুযোগ রয়েছে। তবে সেই সমালোচনার আড়ালে জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা বা এর মর্যাদায় আঘাত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি দাবি করেন, “যারা জুলাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে কিংবা জুলাইকে প্রশ্নবিদ্ধ করবে, তাদের ঠিকানা বাংলাদেশ নয়।”

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “জুলাই কোনো ব্যক্তি, দল বা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নয়; এটি জাতির সামষ্টিক অর্জন। জুলাইয়ের ঠিকাদারি যেমন কাউকে দেওয়া হয়নি, তেমনি জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্য করার স্পর্ধাও জাতি সহ্য করবে না।”

রাশেদ খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে সম্মান জানানো সবার দায়িত্ব এবং এ অর্জনকে খাটো করার যেকোনো প্রচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে।

প্রাইমটিভি/এমএইচ