প্রথমবারের মতো আলি খামেনির কফিন প্রকাশ্যে আনল ইরান

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শোকার্ত মানুষ সেখানে সমবেত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, খামেনির কফিনের ওপর ইরানের পবিত্র মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের প্রতীকী লাল পতাকা বিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশজুড়ে তার স্মরণে রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলো। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি খামেনির কফিনে মোড়ানো লাল পতাকার তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, শিয়া ইসলামে এই লাল পতাকার গভীর প্রতীকী গুরুত্ব রয়েছে। এটি মূলত মহানবী হযরত মুহাম্মদের (সা.) নাতি ইমাম হুসাইন ইবনে আলির মহান আত্মত্যাগের প্রতীক, যিনি সপ্তম শতাব্দীতে কারবালার প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হন। শিয়া সম্প্রদায়ের কাছে এটি অন্যায় ও প্রতিশোধের বিরুদ্ধে অবিচল থাকার বার্তা বহন করে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








