ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন চাঁদনী বেগম (২২) নামে এক মা। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫০ মিনিটের মধ্যে কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) একে একে তিনটি ছেলে ও দুটি মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়। তবে গর্ভধারণের বয়স মাত্র সাড়ে ছয় মাস (২৮ সপ্তাহ) হওয়ায় অত্যন্ত কম ওজন নিয়ে জন্ম নেয় শিশুরা। নির্ধারিত সময়ের অনেক আগে জন্ম নেওয়ায় নানাবিধ স্বাস্থ্য জটিলতায় শেষ রক্ষা হয়নি; পাঁচ নবজাতকের মধ্যে চারজনই মারা গেছে।

স্বজনরা জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রবাসী গমনেচ্ছু মাহামুদুল হাসান ডলারের সঙ্গে দেড় বছর আগে চাঁদনী বেগমের বিয়ে হয়। প্রথম সন্তান সম্ভবা চাঁদনীর গর্ভে পাঁচটি সন্তান রয়েছে জানার পর থেকেই পরিবারে আনন্দ ছিল। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগে জন্ম নেওয়ায় শিশুগুলোর ওজন ছিল মাত্র ৫০০ থেকে ৭০০ গ্রামের মধ্যে, যা 'এক্সট্রিমলি লো বার্থ ওয়েট' বা অত্যন্ত কম ওজনের শিশু শ্রেণির অন্তর্ভুক্ত।

হাসপাতালের চিকিৎসক ও নার্সরা জানান, এই শিশুদের বেঁচে থাকার জন্য নিবিড় নবজাতক পরিচর্যা (এনআইসিইউ) জরুরি ছিল। হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও স্বজনরা নেননি। ফলে বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে চার শিশুর মৃত্যু হয়। বর্তমানে একটিমাত্র ছেলে সন্তান হাসপাতালে অক্সিজেন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে।

প্রাইমটিভি/বিএম