যুদ্ধবিরতির সময়কে কৌশলগতভাবে কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা আরও জোরদার করছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী বলছে, যুদ্ধ প্রস্তুতি বাড়াতে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর ও নির্ণায়ক প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

রোববার (৫ জুলাই) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়ার বক্তব্য তুলে ধরা হয়।

আকরামিনিয়া বলেন, "সশস্ত্র বাহিনীর প্রস্তুতি জোরদারে আমরা একটি মুহূর্তও নষ্ট করব না এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।"

তিনি আরও বলেন, যদি প্রতিপক্ষ কোনো ভুল সিদ্ধান্ত বা আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত, কঠোর ও নির্ণায়ক জবাব দিতে প্রস্তুত রয়েছে।

ইরানি সামরিক কর্মকর্তাদের ভাষ্য, চলমান যুদ্ধবিরতির সময় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি, প্রতিরক্ষা অবকাঠামো এবং সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ চলছে। ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো সংঘাত মোকাবিলায় বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য।

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ওই হামলাগুলোতে হাজারো মানুষ নিহত হয়েছে এবং বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে।

এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন ও শক্তিশালী করার কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তেহরান। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত আপাতত থেমে থাকলেও অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

প্রাইমটিভি/এমএইচ