বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে মূল ভূখণ্ডের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতিয়া, আর চেয়ারম্যানঘাটে আটকা পড়েছেন শত শত যাত্রী।

রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়া-নলচিরা নৌপথে ফেরি, সি-ট্রাক, স্পিডবোট, যাত্রীবাহী ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করায় জননিরাপত্তার স্বার্থে হাতিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

তিনি আরও বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং সতর্কসংকেত প্রত্যাহারের পর নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় মূল ভূখণ্ডের চেয়ারম্যানঘাটে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে এসে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করছেন।

চেয়ারম্যানঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন বলেন, সকাল থেকেই মেঘনা নদী উত্তাল থাকায় কোনো ফেরি, সি-ট্রাক, স্পিডবোট কিংবা যাত্রীবাহী ট্রলার ঘাট ছাড়তে পারেনি। এতে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ কারণে উপকূলীয় নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ