ফিলিস্তিন প্রশ্নে অনড় মিশর, ইসরাইলকে স্পষ্ট বার্তা প্রেসিডেন্ট সিসির

ছবিঃ সংগৃহীত
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি কিংবা ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ ও স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
রোববার (৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরাইলের প্রতি দেওয়া এক বার্তায় আল-সিসি বলেন, দখলদারিত্ব, আগ্রাসন ও অন্যায়ের অবসান ঘটিয়ে ফিলিস্তিনিদের বৈধ অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই কেবল ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অন্যথায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা কিংবা জনগণের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে না।
তিনি আরও বলেন, "দখলদারিত্বের অবসান, অন্যায়ের সমাপ্তি এবং প্রকৃত অধিকারীদের অধিকার ফিরিয়ে না দিলে স্থায়ী শান্তির কোনো বিকল্প নেই।"
মিশরের প্রেসিডেন্টের মতে, মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকট নিরসনে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক ও ন্যায়ভিত্তিক শান্তি চুক্তি অত্যন্ত জরুরি। এমন একটি সমঝোতা পুরো অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকদের মতে, আল-সিসির এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ১৯৭৯ সালে ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম আরব দেশ ছিল মিশর। তবে সেই সময় থেকেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কায়রো ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছে।
গাজার চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিশরের প্রেসিডেন্ট। তিনি ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন সূত্রের তথ্যমতে, ওই সময়ের পর থেকে ইসরাইলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আঞ্চলিক বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টা চললেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে আরব বিশ্বের অবস্থান অপরিবর্তিত রয়েছে। প্রেসিডেন্ট আল-সিসির সাম্প্রতিক বক্তব্য সেই অবস্থানকেই নতুন করে জোরালোভাবে তুলে ধরেছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







