জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে বিতর্কের পর অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতুর দাবি, বিপুল সংখ্যক রিপোর্টের পর মেটা কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করেছে।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তামান্না সেতু এ তথ্য জানান।

তিনি লেখেন, "বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়েছিল, সেটিও সে নিজে ডিলিট করেনি।"

তামান্না সেতুর ভাষ্য অনুযায়ী, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন মেহের আফরোজ শাওন। এর আগে শনিবার বিতর্কিত পোস্টটি শাওনের ফেসবুক অ্যাকাউন্টে আর দেখা যায়নি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে, অ্যাকাউন্টটি ঠিক কোন নীতিমালার ভিত্তিতে সাসপেন্ড করা হয়েছে, সে বিষয়ে মেটাও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে জুলাই আন্দোলন নিয়ে করা ওই পোস্টকে কেন্দ্র করে গত শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে করা ওই জিডিতে মেহের আফরোজ শাওনের পাশাপাশি চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার নামও উল্লেখ করা হয়।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে শাওনের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পেছনে প্রকৃত কারণ সম্পর্কে মেটার আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

প্রাইমটিভি/এমএইচ