বৈরী আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ছবিঃ সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি উত্তাল হয়ে ওঠায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (৫ জুলাই) বিকেল ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিষয়টি সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিশ্চিত করেছেন ভোলা নদীবন্দরের ট্রাফিক পরিদর্শক (ইন্সপেক্টর) মো. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ভোলার অভ্যন্তরীণ নৌরুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বন্ধ থাকা নৌরুটগুলোর মধ্যে রয়েছে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য অভ্যন্তরীণ রুট। তবে ভেদুরিয়া-বরিশাল নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ভোলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, নিম্নচাপের প্রভাবে ভোলা নদীবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। গত শনিবার বিকেল ৩টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত জেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌপথে চলাচলকারীদের সতর্ক থাকার পাশাপাশি বিআইডব্লিউটিএর পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





