ছাত্রলীগের সঙ্গে আতাত করে চলা গুপ্ত শিবির সাদিক কাইয়ুমের সঙ্গে ভিপি নুরের তুলনা হয় না: সানাউল্লাহ হক

ছবিঃ সংগৃহীত
ডাকসুর বর্তমান ভিপি সাদিক কাইয়ুমের সঙ্গে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, গণমাধ্যমের প্রচার এবং একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে সাদিক কাইয়ুমকে জনপ্রিয় করে ডাকসুর ভিপি পদে আনা হয়েছে।
সানাউল্লাহ হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় তারা একাধিকবার হামলা ও মামলার শিকার হলেও তখন সাদিক কাইয়ুমকে আন্দোলনে সক্রিয়ভাবে দেখা যায়নি।
তিনি আরও দাবি করেন, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর গণতন্ত্র, দেশের স্বার্থ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করতে গিয়ে বহুবার হামলা ও মামলার শিকার হয়েছেন। তাই নূরের রাজনৈতিক ভূমিকার সঙ্গে সাদিক কাইয়ুমের তুলনা করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
সানাউল্লাহ হক অভিযোগ করেন, অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে সাদিক কাইয়ুম আওয়ামী লীগ ও নৌকার পক্ষে স্লোগান দিয়েছেন। তার দাবি, রাজনৈতিক পটপরিবর্তন না হলে ভবিষ্যতে সাদিক কাইয়ুম ছাত্রলীগের নেতা হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারতেন।
একই বক্তব্যে তিনি ডাকসুর বর্তমান সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের প্রসঙ্গ টেনে দাবি করেন, তিনি অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শেখ হাসিনার সরকারের পতন না হলে তিনিও ছাত্রলীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে পারতেন ।
সবশেষে তিনি দাবি করেন, সাদিক কাইয়ুম গণমাধ্যমের প্রচার এবং জামায়াত-শিবিরের একটি "প্রজেক্ট"।
তবে সানাউল্লাহ হকের এসব দাবি ও অভিযোগের বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম, জিএস এস এম ফরহাদ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









