মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে রুফ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুফ মিয়া নূরুপুর গ্রামের আবদুল মোতালিবের ছেলে। গ্রেপ্তার শ্যামল মিয়া একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে শ্যামল মিয়া ও তার সহযোগীরা রুফ মিয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় গুরুতর আহত রুফ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ইটনা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করে। স্থানীয়দের দাবি, শ্যামল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
ঘটনার পর নূরুপুর গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করেছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




