ঈশ্বরদীতে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৭

ছবিঃ প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (৫ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার নিয়ামতপুর পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেন ইমন (৩১), রতনপুর ভবানীপুর গ্রামের নাজমুল হাসান (৩০), ঈশ্বরদী উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামের সজীব মণ্ডল (২৭), চর সলিমপুর গ্রামের তুষার ইমরান (৩৩), আওতাপাড়া গ্রামের জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) এবং সাজাদুর রহমান (২১)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই মার্কেটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের দাবি অনুযায়ী, উদ্ধার হওয়া অস্ত্রটি ইকবাল হোসেন ইমনের কাছে ছিল। পুলিশ অভিযান চালানোর সময় তিনি সেটি চৌকির নিচে লুকিয়ে রাখেন। তবে অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র তারা দেখাতে পারেননি।
পুলিশ জানায়, এ ঘটনায় ঈশ্বরদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে আটক সাতজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




