চাঁদাবাজি নয়, পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু, দাবি স্ত্রীর

ছবিঃ সংগৃহীত
বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজকে ঘিরে আলোচিত ঘটনাকে রাজনৈতিক বা চাঁদাবাজির ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুর স্ত্রী মৌসুমি আক্তার লুবনা। তার ভাষ্য, এটি দীর্ঘদিনের ব্যবসায়িক পাওনা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে লিটুর স্বজন, গ্রেপ্তার আবুল কালাম আজাদের স্ত্রী এবং অগ্রণী হাউজিংয়ের পরিচালক মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মৌসুমি আক্তার লুবনা বলেন, মোস্তাফিজুর রহমান লিটু কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি দীর্ঘদিন অগ্রণী হাউজিংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রতিষ্ঠানটিতে ২৯ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। তবে মূলধনের বিপরীতে মাত্র ১২ লাখ টাকা ফেরত পেয়েছেন। বাকি অর্থ ও লভ্যাংশের হিসাব বারবার চাইলেও তা পরিশোধ করা হয়নি বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকার পাওনা আদায়ের উদ্দেশ্যেই লিটু ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পাওনা বুঝে না পেয়ে ক্ষোভের বশবর্তী হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তাই ঘটনাটিকে রাজনৈতিক বা চাঁদাবাজির রূপ দেওয়া বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে গ্রেপ্তার আবুল কালাম আজাদকেও অগ্রণী হাউজিংয়ের একজন পরিচালক উল্লেখ করে লুবনা দাবি করেন, তিনিও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অগ্রণী হাউজিংয়ের পরিচালক মাহাবুবুর রহমানও একই ধরনের অভিযোগ তুলে ধরে বলেন, ২০১২ সালে তিনি প্রতিষ্ঠানটিতে ২৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও মূলধন কিংবা কোনো লভ্যাংশ ফেরত পাননি। তার দাবি, শুধু তিনি নন, আরও কয়েকজন বিনিয়োগকারী একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বড় ভাইও প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছেন বলে তিনি দাবি করেন।
মাহাবুবুর রহমান বলেন, তারা কখনো জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করেননি; বরং আইনগত ও স্বাভাবিক উপায়ে নিজেদের পাওনা ফেরত চেয়ে আসছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও কোনো সমাধান না পাওয়ায় হতাশা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অগ্রণী হাউজিংয়ের আর্থিক লেনদেন এবং বিনিয়োগকারীদের অর্থ ফেরত না দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে ক্ষতিগ্রস্তদের পাওনা অর্থ আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




