ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চক নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে মাহিম মাতুব্বর (২২) এবং একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে রফিজুল মাতুব্বর (২২)

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে মাহিম ও রফিজুল মোটরসাইকেলে ভবুকদিয়া এলাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন। মাশাউজান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সামনে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান চলে আসে। সংঘর্ষ এড়াতে চালক হঠাৎ ব্রেক করলে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা সাকুরা পরিবহনের বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মাহিম নিহত হন।

গুরুতর আহত রফিজুলকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাসটি জব্দ করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নেওয়া হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রাইমটিভি/এমএইচ