রাজধানীর যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার’ এলাকা থেকে ‘উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার ছয় জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ জুলাই) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাসুম খান।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন— শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত। এদিন ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়ার ‘মিনি কক্সবাজার’ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে দাখিল করা আবেদনে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আমিন মোহাম্মদ গ্রুপের জমির পাশের বালুর মাঠে ‘উগ্রবাদী সংগঠনের’ কয়েকজন সদস্য কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। পরে ছয় জনকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সেখানে জড়ো হওয়ার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের ‘উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তার ছয় জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে একই নিরাপত্তাব্যবস্থার মধ্যে তাদের আদালত থেকে নিয়ে যাওয়া হয়।

প্রাইমটিভি/এমআর