যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবারও নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাউন্ট রাশমোরে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের নানা অর্জনের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, আমেরিকানরা বিশ্বের সবচেয়ে বেশি নোবেল পুরস্কার জিতেছে। এরপরই তিনি মন্তব্য করেন, “তবে তারা আমাকে একটিও দেয়নি।”

ট্রাম্প দাবি করেন, তিনি একাধিক যুদ্ধ মিটমাটে ভূমিকা রাখলেও নোবেল পাননি। যদিও সমালোচকদের মতে, এটি তার দীর্ঘদিনের একটি অতিরঞ্জিত দাবি।

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তিনি প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করে আসছেন। চলতি বছরের শুরুতে তিনি বলেছিলেন, ইতিহাসে তার চেয়ে বেশি এই পুরস্কারের যোগ্য আর কেউ নেই।

ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তারা হলেন উড্রো উইলসন ও বারাক ওবামা।

এদিকে ট্রাম্পের নোবেল আকাঙ্ক্ষা নিয়ে কটাক্ষ করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ব্যঙ্গ করে বলেন, ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া উচিত, কারণ তিনি ‘অন্তত ৩৮ বার’ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার দাবি করেছেন।

সূত্র: দ্য হিল

প্রাইমটিভি/এনজি