ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে রেকর্ড পরিমাণ ভারী মৌসুমী বৃষ্টির মধ্যে একটি পুরোনো ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে গত কয়েক দিনে ১০০ মিলিমিটারের বেশি এবং কোথাও কোথাও সর্বোচ্চ ১৬১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নগরীর স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং নিরাপত্তার স্বার্থে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এরই মধ্যে গত রোববার মানখুর্দ এলাকার একটি বস্তিতে দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ে। নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীরা এখনো ব্যাপক তৎপরতা চালাচ্ছেন।

টানা বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। ফলে সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় দুই শহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে আকাশ ও রেলপথেও। মুম্বাই বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত হয়েছে এবং মুম্বাই-পুনে রুটের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

প্রাইমটিভি/বিএম