প্রিয়জনকে ভালোবাসার পরশ বা চুমু খাওয়ার মুহূর্তটিতে সাধারণত সবারই চোখ নিজে থেকে বন্ধ হয়ে যায়। অনেকে একে কেবলই রোমান্টিকতা বা লাজুকতা ভাবলেও, এর পেছনে রয়েছে এক অদ্ভুত বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ। যুক্তরাজ্যের লন্ডন ইউনিভার্সিটির একদল মনোবিজ্ঞানীর গবেষণায় এই রহস্যের সমাধান মিলেছে।

বিজ্ঞানীদের মতে, চুম্বনের সময় চোখ বন্ধ হওয়াটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের একটি প্রতিরক্ষামূলক কৌশল। মানুষের মস্তিষ্ক একসঙ্গে দুটি ভিন্ন ইন্দ্রিয়গত উদ্দীপনা বা অনুভূতির ওপর সমানভাবে পূর্ণ মনোযোগ দিতে পারে না। চোখ খোলা থাকলে আমাদের চারপাশের দৃশ্য বা চাক্ষুষ উপাদানগুলো মস্তিষ্ককে ব্যস্ত রাখে।

ফলে, চুম্বনের সময় ঠোঁটের স্পর্শ এবং অন্তরঙ্গতার যে তীব্র অনুভূতি, তা মস্তিষ্ক পুরোপুরি উপভোগ বা প্রসেস করতে পারে না। সহজ কথায়, দৃশ্যমান নানা উপাদানের কারণে স্পর্শের অনুভূতিতে মনোযোগের ঘাটতি তৈরি হয়।

তাই স্পর্শের গভীরতা ও রোমান্টিক অনুভূতিকে সর্বোচ্চ পর্যায়ে উপভোগ করার জন্য আমাদের মস্তিষ্ক চোখের দৃষ্টিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়। কোনো চাক্ষুষ বিভ্রান্তি না থাকায় তখন পুরো মনোযোগ চলে যায় স্পর্শের ওপর। সুতরাং, চুম্বনের সময় চোখ বন্ধ হয়ে যাওয়া কোনো লাজুকতা নয়, বরং এটি স্পর্শের অনুভূতিকে তীব্র করার জন্য মস্তিষ্কেরই একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া।

প্রাইমটিভি/বিএম