ঘরের মেঝেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহ নগরে টানা বৃষ্টিতে ঘরের মেঝেতে জমে থাকা পানিতে পড়ে আট মাস বয়সী আয়াস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে খাটে ঘুমিয়ে থাকা অবস্থায় গড়িয়ে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরের ব্রাহ্মপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়াস ওই এলাকার আবির মিয়ার ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শিশুটি মায়ের পাশে খাটে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে গড়িয়ে নিচে পড়ে ঘরের মেঝেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে যায়।
শিশুটির মামী রুমানা আক্তার জানান, সারারাতের ভারী বৃষ্টিতে ঘরের ভেতরে পানি উঠে যায়। ঘটনার সময় আয়াস মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এসআই সুজাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যান।
এদিকে টানা সাড়ে আট ঘণ্টার ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড় ও কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পাশাপাশি ড্রেন উপচে সড়কে নোংরা পানি উঠে আসায় চলাচলেও সৃষ্টি হয়েছে ঝুঁকি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






