টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করায় রাঙ্গামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। বর্তমানে কেন্দ্রটি থেকে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট চালু করা হয়েছে। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৩২ মেগাওয়াট করে ৬৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ২৫ মেগাওয়াট করে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে উৎপাদন হচ্ছে ১৪৪ মেগাওয়াট। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ৭৯ দশমিক ৮৬ ফুট মিন সি লেভেল। তবে রুল কার্ভ অনুযায়ী এ সময়ে পানির উচ্চতা থাকার কথা ৮৪ দশমিক ৯৬ ফুট মিন সি লেভেল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

প্রকৌশলীরা জানান, গত কয়েক মাস পানির স্বল্পতার কারণে কখনো একটি, কখনো দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। তবে পানির উচ্চতা বাড়তে শুরু করায় সোমবার তিনটি, মঙ্গলবার সকালে চারটি এবং একই দিন সন্ধ্যা থেকে পাঁচটি ইউনিট চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।

প্রাইমটিভি/এনজি