লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো—মো. রিয়াজ হোসেনের তিন বছর বয়সী মেয়ে মায়সা আক্তার এবং মজনু মিয়ার তিন বছর বয়সী ছেলে মুজাহিদ হোসেন।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার বিকেলে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মাঝেও গভীর শোক নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ এবং রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

প্রাইমটিভি/এমএইচ