মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’। দলের কোনো নেতাকর্মী মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি মাদক কারবারিদের পক্ষে কেউ তদবির করলেও তাকেও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

সোমবার (৬ জুলাই) নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদক নিয়ন্ত্রণ করা সবার নৈতিক দায়িত্ব। এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বিএনপির কোনো নেতাকর্মী যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে ‘ডাবল অ্যাকশন’ নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

খোকন আরও বলেন, বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা মাদক। এর কারণে দেশের যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুনসহ জেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিক দল এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রাইমটিভি/এমআর