চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ছবিঃ সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চার বিভাগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে বান্দরবান ও কক্সবাজার জেলার চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী দুই দিনও এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এছাড়া ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি করতে পারে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলের কিছু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিনে এসব নদীর পানির স্তর আরও বাড়তে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে রংপুর বিভাগের তিস্তা নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে, যা লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের কারণ হতে পারে।
এ ছাড়া সুরমা নদীর পানির স্তর বৃদ্ধি এবং কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ার সম্ভাবনার কথা জানিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে, আগামী তিন দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জে এ দুটি নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






