জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সংঘটিত এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

নিহত রমিছা বেগম (৫৫) উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রমিছা বেগমের মৃত্যুর পর তার ভাই ও বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক শরীফ উদ্দিন চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি চিকিৎসকের ওপর শারীরিকভাবে হামলা করেন।

পরিবারের দাবি, সোমবার (৬ জুলাই)  রাতে সাপের কামড়ে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এটিকে বিষধর সাপের কামড় হিসেবে শনাক্ত করেননি এবং অ্যান্টিভেনমও দেওয়া হয়নি। পরে অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রমিছা বেগম মারা যান।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদুজ্জামান। তিনি বলেন, সরকারি চিকিৎসা প্রোটোকল অনুসরণ করেই রোগীকে পরীক্ষা করা হয়েছিল। সে সময় বিষধর সাপের কামড়ের কোনো স্নায়বিক লক্ষণ না থাকায় অ্যান্টিভেনম দেওয়া হয়নি। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে এর আগেই রোগীর স্বজনরা তাকে অন্য হাসপাতালে নিয়ে যান। একই সঙ্গে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

প্রাইমটিভি/এমআর