২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বর্তমানে তদন্ত প্রতিবেদনের চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। সব প্রক্রিয়া শেষ হলে প্রতিবেদন জমা দিয়ে দ্রুত আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হবে।

বুধবার (৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে সাক্ষ্য-প্রমাণ, ভিডিওচিত্র, আলোকচিত্র, নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি পর্যালোচনার পর তদন্ত কার্যক্রম শেষ করেছে তদন্তকারী সংস্থা। এখন আইনি ও কারিগরি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অপেক্ষা।

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ এবং সাংবাদিক মোজাম্মেল বাবুসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় মোট আসামির সংখ্যা প্রায় ২৮ থেকে ৩০ জন হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২১ জুলাই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া গেলে প্রসিকিউশন দ্রুত আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফরমাল চার্জ প্রস্তুত করে ট্রাইব্যুনালে দাখিল করবে।

তিনি আরও জানান, তদন্তে যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই অভিযোগ আনার প্রস্তুতি চলছে। তবে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আগে সম্ভাব্য আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে না।

প্রাইমটিভি/এমআর