বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: তারেক রহমান

ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তিন বাহিনীর জন্য বড় পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, বৃহত্তর বগুড়ায় মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) তৈরির কারখানা স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি এবং আধুনিক সামরিক সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীগুলোর সক্ষমতা বাড়াতে ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১০ বছরে প্রায় ৮৬ হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে এবং জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি জানান, নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল এবং সাবমেরিন সংযোজনের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশে সামরিক শিল্পাঞ্চল (ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন) প্রতিষ্ঠার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় সক্ষমতা বাড়াতে কাজ চলছে। পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে।
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিন বছর ও সাত বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





